ঢাকা মেডিক্যাল এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বাচ্চু মিয়া বলেন, ‘বুধবার দুপুরে ঢামেক হাসপাতালের ভেতরে ১০৫ নম্বর অপারেশন থিয়েটারের পাশে বাথরুম সংলগ্ন গলি থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আশপাশের লোকজনের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা সংশ্লিষ্ট শাহবাগ থানায় জানিয়েছি।’ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।