ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে সুজনা আক্তার (১৩) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিএমপির লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম রাশেদ এ তথ্য জানান।  

সুজনা ময়মনসিংহ ফুলপুরের ভাগকান্দি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

এসআই রাশেদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে লালবাগে পূবালী ব্যাংকের কর্মকর্তা তানভীর হোসেনের বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়ে। সে ওই বাসায় গৃহপরিচারিকার কাজ করতো।’

এসআই বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সুজনা তার রুম বন্ধ করে ঘুমাতে যায়। রাত ১০টার দিকে তাকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পান না বাসার লোকজন। পরে ছিটকিনি ভেঙে সুজনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘কী কারণে ওই কিশোরী গলায় ফাঁস নিয়েছে, তা জানা যায়নি। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।’