বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত (পুরুষ) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। পরনে ছিল চেক লুঙ্গি, ছাই রঙের জ্যাকেট।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।