রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় এক নারীসহ দুই জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তারা হচ্ছেন- আকলিমা (২৩) ও মমতাজউদ্দিন শেখ (৫২)।
যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ছনটেক এলাকার একটি বাসা থেকে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আকলিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকলিমা সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল্লাহ মেয়ে আকলিমা ও শাহদাতের স্ত্রী। স্বামীর সঙ্গে মনমালিন্যের জের ধরে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
অপরদিকে, একই দিন রাতে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ চৌধুরী ট্রিপল নাইনে সংবাদ পেয়ে, শনিবার রাতে ওই থানাধীন চারঘাটা এলাকায় ভাড়া বাসা থেকে রিকশাচালক মমতাজউদ্দিন শেখের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান।
এসআই আবু সাঈদ জানান, স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে তিনি বাসায় একাই থাকতেন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মৃত আলী নেওয়াজের ছেলে মমতাজউদ্দিন।