রাজধানীর রামপুরায় খালের পানি থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাত পুরুষ বয়স আনুমানিক (৪০) বছর হতে পারে।
বৃহস্পতিবার (২২ মে) ডেমরা রাজাখালি নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় রামপুরা ব্রিজ সংলগ্ন টিভি ভবনের পাম্পের পেছনে খালের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, ভাসমান মরদেহ অর্ধ পচনশীল হওয়ায় শরীরে কোনও আঘাতের চিহ্ন পরিলক্ষিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।