দারুস সালামে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে আহত

রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকায় শুভ (১৪) নামে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে এক দল কিশোর। সে স্থানীয় সিদ্ধান্ত হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত কিশোর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

আহত শিক্ষার্থীর ভাই রায়হান জানান, শুভ স্থানীয় সিদ্ধার্থ হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাসা মিরপুর এক নম্বর সেকশনের বর্ধন বাড়ি ভাঙ্গাওয়াল এলাকায়। তার বাবার নাম হারুন।

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লালকুঠি এলাকায় ১০/১২ জন কিশোর তাকে পথরোধ করে কুপিয়ে আহত করে। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানতে পারেননি।