রাজধানীর দারুস সালাম এলাকায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছেন। তারা হলেন- সুমন (২৮) ও শুভ (৩০)।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া আরমান জানান, কাঁচাবাজার এলাকায় শত্রুতার জেরে স্থানীয় রাব্বি, চান্দু ও ইমরানসহ ১০/১২ জন সুমন ও শুভকে মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তারা পালিয়ে যায়। এরপর সহকর্মী উদ্ধার করে আহত দুই জনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টায় ঢামেক হাসপাতালে আনা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, আহতরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।