বাড্ডা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মধ‍্য বাড্ডার বৈশাখি সরণি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানা পুলিশের এস আই মো. মেজবাহ উদ্দিন বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমরা আজ সকাল সোয়া ৫টার দিকে মধ্য বাড্ডার বৈশাখি সরণি ৯০/১ ঠিকানার বাসার সামনের পাকা রাস্তার ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এতেই তিনি মারা গেছেন। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত জহিরুল কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে উত্তর বাড্ডার বাগানবাড়ির ইমন মাস্টারের বাড়িতে বসবাস করতেন তিনি।