রাজধানী মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নিলিমা রানী সুমনা (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ৮ টা ৪৮ মিনিটে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গতকাল শনিবার রাতে মহাখালী আমতলী এলাকা দুর্ঘটনার শিকার হন সুমনা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
নিহত সুমনা কুড়িগ্রাম জেলায় চিলমারী ছোট কুষ্টারী গ্রামের সুবাস চন্দ্র বর্মনে মেয়ে।
নিহতের বাবা বলেন, “স্টুডেন্ট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন সুমনা। পড়াশোনার পাশাপাশি মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতেন সে।”
তিনি বলেন, “আমি সংবাদ শুনে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। কীভাবে সে দুর্ঘটনার শিকার হয়েছে তা জানতে পারিনি। দুই বোনের মধ্যে সে বড়।”
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।