আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে সরকারি কলোনির পুকুরে ডুবে জাহেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বিকাল পোনে তিনটার দিকে লালবাগের আজিমপুর সরকারি কলোনিতে এ ঘটনা ঘটে।

জাহেনের বন্ধু মাহির জানিয়েছে, আজ বিকাল পোনে তিনটার দিকে আজিমপুর সরকারি কলোনি পুকুরে তারা গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবসত জাহেন পানির নিচে তলিয়ে যায়।

পরে সেখানকার সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস তাকে উদ্ধার করেন। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেনকে মৃত ঘোষণা করেন।

মৃত জাহেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।