রাজধানীর কমলাপুর রেল স্টেশনে চার দিন আগে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু হাসিব আলীকে তার বাবার বুকে ফিরিয়ে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গত ৪ জুলাই (শনিবার) সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির সামনে কান্নারত হাসিবকে উদ্ধার করেন আনসার ক্যাম্পের পিসি আব্দুল হান্নান।
শিশুটি নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে না পারায়, তিনি নিজ দায়িত্বে তাকে একটি স্থানীয় শিশুআলয়ে নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে দেন।
বুধবার (৮ জুলাই) রাতে আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুটির বাবা হাসান আলী পেশায় হকার। ভ্যানে করে কাপড় বিক্রি করেন। গত শনিবার কাপড়ের ভ্যান ও সন্তানকে রেখে সামান্য দূরে কাজে গেলে চোখের পলকে নিখোঁজ হয় হাসিব। গত চার দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর বুধবার সকালে কমলাপুর আনসার ক্যাম্পের গোসলখানায় হাত-মুখ ধোয়ার সময় অলৌকিকভাবে নিজের সন্তানের সন্ধান পান তিনি।
যাচাই-বাছাই শেষে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের মাধ্যমে হাসিবকে তার বাবার কাছে হস্তান্তর করেন আনসারের প্লাটুন কমান্ডার আব্দুল হান্নান। হারানো ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
এ সময় শিশুটির বাড়ি ফেরার জন্য নিজস্ব তহবিল থেকে প্লাটুন কমান্ডার আর্থিক সাহায্যও করেন।