ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন। এদের মধ্যে ৮৪ শতাংশই আবার গ্রামে কাজের সুযোগ না থাকায় রাজধানীতে এসেছেন। ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ব্যাটারিচালিক অটোরিকশা বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না বলেও জরিপে উঠে এসেছে।
ঢাকার ৩০০ জন এবং বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ চালক বৈধ কাগজপত্র ছাড়াই রিকশা চালাচ্ছেন। আইনি স্বীকৃতি না থাকায় তাঁদের নিয়মিত জরিমানা, চাঁদা ও হয়রানির শিকার হতে হচ্ছে। দুই-তৃতীয়াংশ চালক কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
আর্থিক নিরাপত্তাহীনতার চিত্রও উঠে এসেছে গবেষণায়। জরিপ অনুযায়ী, ৭৮ দশমিক ২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান। তাঁদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না। অর্থাৎ অধিকাংশ চালকের হাতে কোনো সঞ্চয় নেই।
সড়ক নিরাপত্তার ঝুঁকিও জরিপে উঠে এসেছে। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গবেষণায় বলা হয়েছে, চালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনও দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।
গবেষণায় চালকদের ঢাকায় আসার কারণও বিশ্লেষণ করা হয়েছে। ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাঁদের ৮৪ শতাংশের ঢাকায় আসার কারণ গ্রামে কাজের সুযোগ না থাকা। গবেষণায় বলা হয়েছে, গ্রামে কাজের সুযোগ ও ফসলের ন্যায্য দাম না থাকলে মানুষ শহরে আসবেই। তাই শুধু রিকশা বন্ধ করে এ বাস্তবতা বদলানো যাবে না।
গ্যারেজ ব্যবস্থার ওপর চালকদের নির্ভরতার চিত্রও উঠে এসেছে গবেষণায়। রিকশা ভাড়া দেওয়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার মতো পরিস্থিতিতে সহায়তার জন্য চালকেরা গ্যারেজের ওপর নির্ভরশীল। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনার মতো বিষয়ও এ ব্যবস্থার সঙ্গে যুক্ত। অন্যদিকে, প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এর কার্যকর বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে গবেষণায়।
এ ছাড়া রূপান্তর, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের ব্যয় চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাঁরা জীবিকা থেকে ছিটকে না পড়েন এবং যাত্রীভাড়াও উল্লেখযোগ্যভাবে না বাড়ে। পাশাপাশি বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে বাদ না দিয়ে প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা কিংবা আবর্জনা—নগরের সমস্যাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। একটি বাদ দিয়ে আরেকটি নিয়ে ভাবলে সমাধান হবে না। নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। তবে সবাই ঢাকামুখী হতে থাকলে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তাঁরা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাঁদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং তাঁদের ভালোভাবে সহযোগিতা করা সম্ভব হবে। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও অবৈধ অবস্থা থেকে তাঁদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করছেন, তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাধান করতে হবে। এ জন্য একটি ন্যায্য রূপান্তর (জাস্ট ট্রানজিশন) প্রয়োজন। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরির প্রস্তাব দেন তিনি, যাতে চালক ও তাঁদের পরিবারের জীবিকার ক্ষতি যথাসম্ভব কমিয়ে ধাপে ধাপে এগোনো যায়।
আসিফ সালেহ্ বলেন, রিকশাচালক, ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। এই টাকা রাষ্ট্রের কোষাগারে যায় না, যায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে। আইনি স্বীকৃতি না থাকায় তাঁদের নিয়মিত জরিমানা, চাঁদা ও নানা অনানুষ্ঠানিক খরচ দিতে হয়। অথচ বিনিময়ে তাঁরা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। এই অনিয়মের বোঝা বহন করছেন সবচেয়ে দরিদ্র মানুষেরা, আর লাভবান হচ্ছে একটি সুবিধাভোগী চক্র।
তিনি আরও বলেন, শুধু রিকশা বন্ধ করে গ্রামে কাজের সুযোগ না থাকার বাস্তবতা বদলানো যাবে না। বরং হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত লাখো পরিবারকে আরও অনিশ্চয়তায় ফেলবে।
আসিফ সালেহ্ বলেন, দেশ এখন কঠিন অর্থনৈতিক সময় পার করছে। নতুন কর্মসংস্থানের সুযোগও খুব সীমিত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা অনেক পরিবারের টিকে থাকার শেষ অবলম্বন। তাই এ সমস্যার সমাধান কোনো একটি মন্ত্রণালয়ের একার কাজ নয়। সড়ক পরিবহন, স্থানীয় সরকার, বিদ্যুৎ, পরিবেশ, শ্রম ও কৃষিসংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে। শহরের শৃঙ্খলা, চালকদের জীবিকা ও গ্রামীণ অর্থনীতি—তিনটি বিষয় বিবেচনায় নিয়ে সমন্বিত সরকারি উদ্যোগ নিতে হবে।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। পথচারী ও ব্যাটারিচালিত রিকশাচালক—উভয়েই দেশের নাগরিক। এ বাস্তবতা মাথায় রেখেই ন্যায্য ও সহজ রূপান্তরের কথা ভাবতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান নীতি ও মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন তিনি। আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব। গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী। এ ছাড়া দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।