রাজধানীর আদাবরে বশির (৪৬) নামে স্থানীয় বিএনপির এক নেতা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি ২৯ ওয়ার্ড বিএনপির ১ নম্বর ইউনিটের সভাপতি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ১০ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
আদানর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে শত্রুতার জেরে ওই নেতার ওপর হামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। পরে মুবিন ও রাব্বি নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, হামলার শিকার বশির গত ৫ অক্টোবর মোহাম্মদপুর থানায় কয়েকজনের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ করেন। এরপর অভিযুক্তরা তাকে এলাকা ছাড়তে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে।
স্থানীয় বিএনপি নেতাদের ধারণা, এলাকায় ময়লার ব্যবসা নিয়ে বশিরের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ কারণেই হামলা হতে পারে।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন ১১ এর অ্যাভিনিউ এলাকার বাসিন্দারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, একটি বাইকে করে গিয়ে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তাদের মুখ ঢাকা ছিল বলে স্থানীয়রাও চিনতে পারেনি। তবে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।
এর আগে গুলির শব্দ শোনার পর ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।