মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে একটি ইউটার্ন খুলে দেওয়া, ডাম্পিং না করাসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বললে বেলা ১১টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।

তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, বসিলা ৪ মাথাটির রাস্তায় প্রায় জ্যাম লেগে থাকে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জ্যাম কমাতে কয়েকটি ইউটার্ন বন্ধ করে দেওয়া হয়। পরে ইউটার্নগুলো অন্য রাস্তা দিয়ে দেওয়ার কারণে তাদের সমস্যা হচ্ছিল।

তিনি বলেন, তারা রাস্তায় আসার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের সঙ্গে কথা বলি। এখন তারা যেহেতু ইউটার্নটি খুলে দেওয়ার দাবি জানাচ্ছে আমরা খুলে দিচ্ছি। জ্যাম কাটানোর জন্য আমাদের কথা যদি এলাকাবাসী না শুনে তাহলে আমাদের করার কিছু নেই।

তিনি বলেন, আমরা অটো চালকদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। আমাদের কিছু নির্দেশনা ছিল, মূল রাস্তায় না এসে ফিডার রাস্তায় চলবে। তারা সেটি মেনে নিয়েছে। এখন তারা সড়ক ছেড়ে দিচ্ছে।