রাজধানীর ভাটারা এলাকা থেকে ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো উপ-অঞ্চল দক্ষিণ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য এক কোটি দুই লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
গ্রেফতাররা হলেন- মালা বেগম ও তার ছেলে মামুন চোকদার।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএনসি জানায়, গোপন সংবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাটারার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচা বাজার সংলগ্ন একটি বাড়ির নিচ তলার ফ্ল্যাটে অভিযান চালায় সংস্থার ডেমরা সার্কেল। এ সময় সেখান থেকে মালা ও মামুনকে আটক করা হয়।
ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি কফি কালার কাপড়ের সাইড ব্যাগের ভেতর কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেটের ভেতর ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ডিএনসি বলছে, অভিযানকালে সাহিদা বেগম ইতি নামের আরেকজন পালিয়ে যান। এই ঘটনায় ভাটারা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেফতার দুই জন সম্পর্কে মা ও ছেলে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা গোপনে এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদর বরাত দিয়ে ডিএনসি জানায়, সাহিদা বেগম ইতি উদ্ধার ইয়াবা ট্যাবলেটের প্রকৃত মালিক। ইতি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত করতেন এবং গাজীপুরের কোনাবাড়ী, সাইনর্বোড, টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।