উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সড়ক থেকে সরে গিয়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. রেজাউল করিম জানান, পোশাক শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সকালে নানা দাবিতে উত্তরার আজমপুরে সড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

পুলিশ তাদের বুজিয়ে সড়ক ছাড়ার অনুরোধ জানায়। তবে তারা তাদের দাবিতে অনড় থাকে। এক পর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ করে। শুরু হয় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গন্তব্যে ফেরা মানুষেরা।