ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে, সেসব ফুটপাতে আর কাউকে অবৈধভাবে ব্যবসা করতে দেওয়া হবে না।
রবিবার (২৫ অক্টোবর) হাতিরঝিলের মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা মিরপুরকে উদ্ধার করেছি। পর্যায়ক্রমে নগরের যেসব জায়গায় ফুটপাত দখলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে, সেখানে উচ্ছেদ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীর খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়নের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে মগবাজারে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি পার্কে বাগান নির্মাণ করা হয়েছে।
এ কাজে সহযোগিতার জন্য ফুটস্টেপসকে ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। গুলশান লেকের অপরিষ্কার পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা সিটি করপোরেশনের সহযোগিতায় লেকটিকে নান্দনিক রূপ দিয়েছে। লেকের পাশের দেয়ালেও গ্রাফিতি আঁকা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে বসিলার ৪০ ফুট খালটি পরিদর্শন করে দেখা যাবে, ফুটস্টেপসের উদ্যোগে দীর্ঘদিন অবহেলিত খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। যে কাজ সবার সম্মিলিতভাবে করার কথা ছিল, সেই উদ্যোগ নিয়েছে যুবসমাজ ও ফুটস্টেপস।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি বাস্তবায়নে ফুটস্টেপসসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করছে।