রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নুর নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা মাসুদ আলম জানান, তার বোন পারুল আক্তারকে জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকালে পারুল আক্তার ও তার পালক মেয়ে সামিয়া হাসপাতালের আটতলার ওয়ার্ডে কথা বলছিল। একপর্যায়ে ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৫টা ১৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে জানানো হয়েছে।
সামিয়া নুরের পালক বাবা নুরুন্নবীর বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে।
মাসুদ আলম আরও জানান, দুই থেকে তিন বছর বয়সে সামিয়াকে দত্তক নিয়েছিলেন নুরুন্নবী ও পারুল আক্তার। সামিয়া জানত, নুরুন্নবী ও পারুল আক্তারই তার জন্মদাতা বাবা-মা।