নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া ১৩ হাজার ১৩২ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়েছেন সাইফুল ইসলাম। দোয়াত কলম প্রতীকে ১৩ হাজার ১৩২ ভোট পেয়েছেন মো. শাহজালাল মিয়া ও আনারস প্রতীকে এক হাজার ৯৯৭ ভোট পেয়েছেন কাজী সুজন ইকবাল।
এই উপজেলায় তিন জন চেয়ারম্যান পদে লড়েছেন। এর মধ্যে সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। শাহজালাল মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাজী সুজন ইকবাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
উপজেলা ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। নির্বাচনে শতকরা ৩৮.৭৪ ভোট পড়েছে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।