দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহের পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা।  এখন আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন,  ‘তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামী কয়েকদিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে।’

সোমবার দেশের দুই অঞ্চল তেতুলিয়া এবং রাজারহাটের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে। এছাড়া ১০ ডিগ্রির মধ্যে আছে ৪ অঞ্চলের তাপমাত্রা, এগুলো হচ্ছে—  রাজশাহী, ঈশ্বরদী, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা।

এদিকে আজ  দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৭  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৬ দশমিক ১, ময়মনসিংহে ১১ দশমিক ৬, চট্টগ্রামে ১৫,  সিলেটে  ১২ দশমিক ৮, রাজশাহীতে ১২ দশমিক ৩, রংপুরে  ১২ দশমিক ৮, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে  ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়,  সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।