সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদফতরের অভিযান

সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। রবিবার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবে।