চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম

৩০ বছরে চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬তম। আগের সূচকে ৩০ বছরের হিসাবে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। পরিবেশ ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা জার্মানওয়াচের ক্লাইমেট রিস্ক ইনডেক্স (সিআরআই) ২০২৭ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরের তথ্য বিশ্লেষণ করে তৈরি এ সূচকে মোট মৃত্যু, মৃত্যুর হার, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, ক্ষতিগ্রস্ত মানুষের হার, অর্থনৈতিক ক্ষতি এবং জিডিপির অনুপাতে ক্ষতির হিসাব বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের জন্য আলাদাভাবে মৃত্যুর সংখ্যা, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বা অর্থনৈতিক ক্ষতির বিস্তারিত হিসাব দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার প্রায় ১০ হাজার ঘটনায় ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত মানুষসহ প্রায় ৫৫০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৪ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।

এ সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস। এরপর রয়েছে লিবিয়া, হাইতি ও গ্রেনাডা। তালিকায় ফিলিপাইন সপ্তম, নিকারাগুয়া অষ্টম, বাহামা নবম এবং ভারত দশম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পাশাপাশি শীর্ষ ২০ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে হাইতি, হন্ডুরাস, ভারত, মিয়ানমার, নিকারাগুয়া ও পাকিস্তান।

জার্মানওয়াচের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের লেখক লরা শেফার বলেন, গত ৩০ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাহামা একমাত্র উচ্চ আয়ের দেশ। বাকি দেশগুলো ভয়াবহ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার ঝড় আঘাত হানায় পুনর্নির্মিত অবকাঠামোও নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ কোটির বেশি মানুষ। অর্থনৈতিক ক্ষতি ১৫ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। ওই বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন।

শুধু ২০২৫ সালেই চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী ছিল তাপপ্রবাহ। এতে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গত ৩০ বছরে মোট মৃত্যুর ৪০ শতাংশের জন্য দায়ী ছিল তাপপ্রবাহ। লেখক লিসা শুল্টহাইস বলেন, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোতে তাপজনিত মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে উঠে আসে না।

প্রতিবেদনের আরেক লেখক ভেরা কুনৎসেল বলেন, জলবায়ু পরিবর্তনে ব্যতিক্রমী দুর্যোগও নিয়মিত হুমকিতে পরিণত হচ্ছে। অভিযোজন ও পুনর্গঠনের সক্ষমতা কম এমন দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। লেখক ডেভিড একস্টাইন বলেন, জলবায়ু অভিযোজন মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সাশ্রয়ী বিনিয়োগ। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়াতে হবে।

প্রতিবেদনে জলবায়ু অভিযোজন, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমানোর আহ্বান জানানো হয়েছে।