নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণ ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সংসদ সদস্য ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ১৩ নভেম্বর আয়োজিত ‘পিপলস এনার্জি ট্রানজিশন রোডম্যাপ’ বিষয়ক আন্তর্জাতিক সংলাপে এ আহ্বান জানানো হয়।
পার্ল ফসিল ফ্রি নেটওয়ার্ক ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংলাপে বিভিন্ন দেশের সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পরিকল্পনা ও সিদ্ধান্তের বোঝা এখনও বহন করতে হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ অগ্রযাত্রায় অন্য দেশের সংসদ সদস্যরা সহযোগিতা করতে পারেন।’
পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচারের গ্লোবাল কো-অর্ডিনেটর লিডি ন্যাকপিল বলেন, ‘কপ৩১-এ প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে। এতে সুস্পষ্ট সময়সীমা ও পর্যাপ্ত অর্থায়ন থাকতে হবে। আন্তর্জাতিক অঙ্গীকারকে জাতীয় পর্যায়ের আইনে রূপান্তর এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
বলিভিয়ার সংসদ সদস্য সিসিলিয়া রেকুয়েনা বলেন, ‘বিশ্বজুড়ে অস্থিরতা ও তেল সংকট দেশগুলোর জন্য জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণই হতে পারে সঠিক পথ।’
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের প্রতিনিধি শরীফ জামিল বলেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি খাতের কাঠামো এখনও আওয়ামী লীগ নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া পরিকল্পনা ও কর্মসূচির ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি— কয়লা ও এলএনজি। বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কিছু প্রশংসনীয় উদ্যোগ নিলেও এখনও কোনও সমন্বিত রোডম্যাপ তৈরি করতে পারেনি। এ খাতে প্রয়োজনীয় অর্থায়নেরও ঘাটতি রয়েছে। একই সময়ে আগের জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিকল্পনাগুলোও এগিয়ে নেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলে কয়লাদূষণ ও কৃষিজমিতে শিল্পায়নের কারণে জেলে ও কৃষকেরা ইতোমধ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ত্বরান্বিত করতে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বৃহত্তর সহযোগিতার সুযোগ তৈরি করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈশ্বিক সংসদীয় নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করা প্রয়োজন।’
পাকিস্তানের সংসদ সদস্য নাফিসা শাহ দেশটিতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, জ্বালানি স্বনির্ভরতার সম্ভাবনা ও সংশ্লিষ্ট চ্যালেঞ্জ তুলে ধরেন। কলম্বিয়ার সিনেটর অ্যারিয়েল আভিলা জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করেন।