মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি: জাকির তালুকদার

‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ —এক শতাব্দী আগে ‘মুসলিম সাহিত্য সমাজ‘-এর এই স্লোগান আজও সমান প্রাসঙ্গিক বলে মনে করেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। তার মতে, সংগঠনটির মূল লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে রেনেসাঁ বা নবজাগরণ ঘটানো। অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে তাদের কিছু প্রস্তাব বাস্তবায়িত হলেও সেই নবজাগরণের চেতনা আজও সমাজে প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্র, সমাজ ও শিক্ষাব্যবস্থাকে তিনি মুক্তচিন্তার প্রতিপক্ষ হিসেবে দেখেন। তার মতে, মুসলিম সাহিত্য সমাজের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল রাজনীতির গুরুত্ব বুঝতে না পারা। সংগঠনটির চিন্তা, ধর্ম সংস্কারের উদ্যোগ, মুক্তবুদ্ধির চর্চা এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা নিয়ে বাংলা ট্রিবিউন-এর সঙ্গে কথা বলেছেন জাকির তালুকদার। সাক্ষাৎকার নিয়েছেন জাহিদ সোহাগ।

বাংলা ট্রিবিউন: ‘মুসলিম সাহিত্য সমাজ’-কে আপনি কীভাবে দেখেন? এটি কি পূর্ববঙ্গের মুসলমানদের আত্মপরিচয়, সংস্কৃতি ও সমাজচিন্তার সন্ধিক্ষণ?

জাকির তালুকদার: পূর্ববঙ্গের শুধু নয়, পুরো ভারতবর্ষের বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের বিতর্ক আসলে আরও অনেক পুরনো। পুরনো এবং অহেতুক। মওলানা আকরম খাঁর মতো রক্ষণশীল মুসলিম নেতাও বিরক্ত হয়ে বলেছিলেন—পৃথিবীতে অনেক অদ্ভুত প্রশ্ন উত্থাপিত হয়। সেগুলোর মধ্যেও সবচেয়ে অদ্ভুত এবং উদ্ভট প্রশ্ন হচ্ছে, বাঙালি মুসলমানের ভাষা কী? যার জাতিগত নামই বলা হচ্ছে বাঙালি, তার ভাষা যে বাংলা, এটা তো স্বতঃসিদ্ধ।

তারপরও প্রশ্নটিকে ঘুরিয়ে নিয়ে এই জায়গায় এনে দাঁড় করানো হয়েছিল যে বাঙালি মুসলমানরা আগে বাঙালি, নাকি আগে মুসলমান? এই প্রশ্নটি এখনো অনেক মানুষের মাথায় ঘোরাফেরা করে, যারা চিন্তা-চেতনায় বর্বর। এমনকি প্রকাশ্যেও উত্থাপিত হয়।

‘মুসলিম সাহিত্য সমাজ’ এই বিষয়ে কোনো আলোচনা কখনো তোলেনি। কারণ, এই বিষয়ে তাদের পরিষ্কার ধারণা ছিল। তারা এ নিয়ে কোনো দ্বিধায় ভুগতেন না। তারা আগে-পরের হিসাব অহেতুক মনে করতেন। তারা একই সঙ্গে বাঙালি এবং মুসলমান। এই কথাটি আমরা যারা সাধারণ কাণ্ডজ্ঞানসম্পন্ন, তারা কেউই বলার দরকার মনে করি না। কাজেই আত্মপরিচয়ের সংকট ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর চিন্তা ও আলোচনার বিষয় ছিল না।

তবে সংস্কৃতি ও সমাজচিন্তার সন্ধিক্ষণ হিসেবে ‘মুসলিম সাহিত্য সমাজ’-কে ধরা যেতে পারে। বিশেষ করে সমাজচিন্তা। পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজের মধ্যে কিছু মৌলিক সংস্কার আনা প্রয়োজন—যুগের সেই দাবি তারা বুঝতে পেরেছিলেন। যেহেতু তাদের কার্যক্রম ছিল ঢাকাকেন্দ্রিক, তাই তাদের শুধু পূর্ববঙ্গীয় মুসলমান সমাজের ভাবুক বলে ধরে নেওয়া ঠিক হবে না।

ধরুন, ব্যাংকে জমাকৃত টাকার লভ্যাংশ গ্রহণের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সব মুসলমানই এই লভ্যাংশকে সুদ এবং হারাম বলে মানতেন। কেউ সেটি গ্রহণ করতেন না। ব্যাংকের মালিকরা এই লভ্যাংশ দিয়ে দিত বিভিন্ন খ্রিস্টান চ্যারিটি প্রতিষ্ঠানকে, ইংরেজদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। এমনকি খ্রিস্টান ধর্মপ্রচারকদের হাতে এই বিপুল পরিমাণ টাকা তুলে দিত, যাতে তারা এ দেশের হিন্দু ও আদিবাসীদের পাশাপাশি মুসলমানদেরও ধর্মান্তরিত করার কাজ চালিয়ে যেতে পারে।

‘মুসলিম সাহিত্য সমাজ’ এই বিষয়ে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখালেখি করেছে, সভা করেছে। আহ্বান জানিয়েছে, লভ্যাংশ নিজে গ্রহণ করলেও যেন মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্যসহ জনহিতকর প্রতিষ্ঠানগুলোকে দান করে দেওয়া হয়।

এই প্রস্তাবকে শুধু যুগসন্ধিক্ষণের প্রস্তাব বললে কম বলা হয়। বরং এটি ছিল তখনকার সময়ে একটি যুগান্তকারী প্রস্তাব। ধর্মান্ধ মুসলমানরা তো বটেই, ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো মনীষীও এই বিষয়ের তীব্র বিরোধিতা করে সাগ্রহে সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।

আমার দৃষ্টিতে তাই ‘মুসলিম সাহিত্য সমাজ’ ছিল সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর চিন্তার অধিকারী কিছু ব্যক্তির সংগঠন। অবশ্যই এটি যুগসন্ধিক্ষণ। কারণ, ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর সুপারিশকৃত অনেক অর্থনৈতিক প্রস্তাবই এখন আমাদের মুসলমান সমাজে বিনা বাক্যে প্রচলিত হয়ে গেছে। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়েও।

বাংলা ট্রিবিউন: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—একশ বছর পর বাংলাদেশের সমাজে এই স্লোগানটির বাস্তবতা এবং প্রাসঙ্গিকতা কীভাবে দেখেন?

জাকির তালুকদার: আগের প্রশ্নের উত্তরে বলেছি, অর্থনৈতিক ক্ষেত্রে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর অনেক প্রস্তাবই বাস্তবতার নিরিখে আমাদের সমাজে গৃহীত হয়েছে। অনেক পরে হলেও।

কিন্তু ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর মূল লক্ষ্য ছিল যে রেনেসাঁ, নবজাগরণ, তা বিন্দুমাত্র বাস্তবায়িত হয়নি বাঙালি মুসলমানের জীবনে।

ওই স্লোগানটির বাস্তবতা এবং প্রাসঙ্গিকতা সেই সময়ের তুলনায় আজকে বরং আরও বেশি। দুই-দুইবার অর্জিত স্বাধীনতা আমাদের জাতির চেতনায় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি। শিখাগোষ্ঠী শুধু সমাজের প্রাগ্রসর মানুষের সংখ্যা বৃদ্ধি এবং চিন্তাচর্চাকেই হিসাবে ধরেছেন। কিন্তু রাজনীতিটাকে ধর্তব্যে আনেননি। বিশেষ করে শিক্ষার রাজনীতি।

ইংরেজরা কলকাতায় হিন্দুদের জন্য একটি এবং মুসলমানদের জন্য একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিল। সেই দুই প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে কী কী থাকবে, তা নির্বাচনের ভার হিন্দু এবং মুসলমান সমাজের শিক্ষিত শ্রেণির হাতেই ছেড়ে দিয়েছিল তারা। রামমোহন রায়সহ হিন্দু ও ব্রাহ্ম সমাজের নেতারা চাইলেন কলেজ। ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হলো হিন্দু কলেজ। সেখানে পাঠ্য হিসেবে নির্বাচিত হলো সমাজপাঠ, ইউরোপ ও ভারতবর্ষের ইতিহাস, উচ্চতর গণিত, যুক্তিবিদ্যা, সাহিত্য, আধুনিক বিজ্ঞান। শিক্ষার মাধ্যম ইংরেজি।

মুসলমান নেতারা চাইলেন আলিয়া মাদ্রাসা। পাঠ্যসূচিতে প্রাধান্য ছিল কোরআন, হাদিস, ফিকহশাস্ত্রের। সঙ্গে কিছু বিজ্ঞান এবং জাগতিক বিষয় সন্নিবেশিত হলেও শিক্ষার মাধ্যম ছিল আরবি এবং ফারসি। এই ভাষায় বিদ্যাচর্চা বাঙালির কোনো উপকারে আসেনি। প্রধান কারণ, আরবি বা ফারসিতে আধুনিক বিজ্ঞান ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার কোনো সুযোগ ছিল না। বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, গবেষণার বাহক তখন ইংরেজি।

ফলে ডিগ্রিধারী কিছু বাঙালি মুসলমান বেরিয়ে এলেও তারা রেনেসাঁর ধারণার সঙ্গে বিন্দুমাত্র পরিচিত ছিলেন না। রেনেসাঁর ধারণা মানে যুক্তি-বিজ্ঞান-মানবিকতার পাশাপাশি নিজেদের পিছিয়ে থাকার কারণ অনুসন্ধান করা এবং সেই কারণগুলো দূর করার জন্য আত্মনিয়োগ করা। এই কাজে উদ্যোক্তা চিন্তাবিদদের পাশাপাশি হাত লাগাতে হয় রাজনীতিবিদদের। কিন্তু বাঙালি মুসলমান রাজনীতিবিদরা চিন্তায় হয় পশ্চাৎগামী, অথবা ইংরেজদের অক্ষম অনুকারক। ইংরেজদের ভালো গুণের সন্ধান তারা কোনোদিন পাননি। অনুসন্ধানই করেননি। তাই তাদের জ্ঞান সীমাবদ্ধ, বুদ্ধি আড়ষ্টই থেকে গেছে। ফলে বাঙালি মুসলমান সমাজের মুক্তি আসেনি। তাই এই স্লোগানটিকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রাসঙ্গিকতা পুরোপুরিই বিদ্যমান।

বাংলা ট্রিবিউন: মুসলমান সমাজের সমস্যাকে মুসলমান সমাজের ভেতর থেকে প্রশ্ন করার বুদ্ধিবৃত্তিক চর্চা বর্তমানে লেখকরা কতটা করছেন?

জাকির তালুকদার: এই প্রশ্নের উত্তরও হতাশাব্যঞ্জক। হয়তো কিছু লেখকের ইচ্ছা আছে, কিন্তু বদ্ধ সমাজের দেয়ালে তা মাথা কুটে মরবে। একই সঙ্গে প্রবল আঘাতের আশঙ্কা লেখকদের। বেগম রোকেয়া বা কাজী নজরুল ইসলামের কপালে কী জুটেছিল, তা জানেন লেখকরা। ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান সংগঠক আবুল হুসেনের ওপর কী পরিমাণ নির্যাতন হয়েছে, তাঁকে কী পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে, সেটিও কমবেশি কেউ কেউ জানেন। যারা জানেন না, তারা সম্প্রতি প্রকাশিত মোহাম্মদ শামসুজ্জামান লিখিত ‘নিষুপ্ত জাগরণ’ বইটি পাঠ করলেই জানতে পারবেন।

তারপরও ফেসবুক এসে কিছু লেখককে এই বিষয়ে লেখার সুযোগ করে দিয়েছে। কিন্তু তাদের অধিকাংশই আবার ইসলামকে ধারণ না করে বরং ইসলামের বিরোধিতা করাকেই প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছেন। ফলে মুসলমান পাঠক তাদের লেখা পাঠ না করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এই সুযোগে রেনেসাঁর বদলে রিভাইভ্যালিজম বা পুনরায় পেছনে ফেরার পথটাকে ত্বরান্বিত করার কাজে নেমেছেন অন্ধ অনুসারীরা। এমনকি বামপন্থি পরিচয় দেওয়া কেউ কেউ রিভাইভ্যালিস্টদের সঙ্গে শুধু যোগই দেননি, বরং তাদের অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করছেন। তাদের নাম আর উল্লেখ করলাম না। কারণ, আপনারাও জানেন তারা কারা।

বাংলা ট্রিবিউন: ‘শিখা’র মতো একটি পত্রিকার প্রয়োজনীয়তা নিয়ে আপনার ভাবনা কী? একালে ‘শিখা’র বিষয় কী কী হতে পারে?

জাকির তালুকদার: ‘শিখা’র মতো একটি নয়, শত শত পত্রিকার প্রয়োজন। বিষয় আগের মতোই হতে পারে। বাঙালি মুসলমানদের নিজেদের চিন্তার পশ্চাৎপদতাকে চিনিয়ে দেওয়া।

তবে একটি নতুন বিষয় আমি যোগ করব। তা হচ্ছে মুসলমানদেরকে বিশ্বের একমাত্র সন্ত্রাসী হিসেবে চিত্রিত করার বিরোধিতা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীদের প্রধান টার্গেট এখন মুসলমানরা। এই বিষয়টি মুসলমানদের জানায় কেউ কেউ। কিন্তু তাদেরও লক্ষ্য হচ্ছে মুসলমানদের আফগান বা পাকিস্তানের পথ অনুসরণ করার প্রেরণা জোগানো। সেটি যে মুসলমান সমাজের জন্য আরও বেশি আত্মঘাতী হবে, সেই কথাটি প্রচার করা।

বাংলা ট্রিবিউন: বর্তমানে বাংলাদেশের জাগতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা কি মুসলিম সাহিত্য সমাজের চেতনা লালন করছে? করলে কীভাবে? না করলে কেন করছে না? আমরা কেন আমাদের উজ্জ্বল অতীত ভুলে যাচ্ছি?

জাকির তালুকদার: আদৌ করছে না। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান নামের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো মূলত ডিগ্রিধারী তৈরি করে। চাকরির বাজার ধরার জন্য, বা বেকার হওয়ার জন্য। বিশ্ববিদ্যালয় নামে যেগুলো পরিচিত, সেগুলো আদৌ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য এবং গুণাগুণ ধারণ করে না। মুক্তবুদ্ধির চর্চা করতে যারা জানে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র হওয়ার যোগ্যতা এবং অধিকার তাদের নেই। নিশ্চয়ই রাষ্ট্র নিজেও মুক্তবুদ্ধির চর্চা, যুক্তিবাদের চর্চা, বহুমাত্রিক সংস্কৃতিচর্চার বিরোধী। কিন্তু বিশ্ববিদ্যালয় মানেই রাষ্ট্রীয় বাধাকে পরোয়া না করার প্রতিষ্ঠান।

আর আমাদের দেশে ধর্মীয় শিক্ষা মানে তো কেবল হাদিস, কোরআন, ফিকহ। সেখানে প্রশ্ন করা নিষিদ্ধ। সেখানে শেখানো হয় আনুগত্য। অনেক প্রতিষ্ঠানেই বিজ্ঞানকে বলা হয় একটি কুফরি কালাম। ডারউইন পড়ানো হয় না, এমনকি কোনো সাধারণ বিশ্ববিদ্যালয়েও। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা তো চিন্তাই করা যায় না। এই একবিংশ শতকের সিকি অংশ পার করার পরও নারী-পুরুষের সহশিক্ষা নিয়ে যেখানে প্রশ্ন তোলা হয়, সেখানে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর চিন্তার উত্তরাধিকার কীভাবে আশা করা যায়?

আমাদের অতীত কতখানি উজ্জ্বল ছিল, কোন কোন সময়ে উজ্জ্বল ছিল, কারা কারা সেই উজ্জ্বল অতীত নির্মাণ করেছিলেন, সেই উজ্জ্বলতা নির্মাণ করতে গিয়ে তারা কি সহযোগিতা পেয়েছেন, নাকি অত্যাচারিত হয়েছেন বা দেশান্তরিত হয়েছেন, সেগুলো আগে খুঁজে বের করতে হবে। তার আগে অতীত ভোলার প্রসঙ্গ না তোলাই ভালো।

বাংলা ট্রিবিউন: কাজী আবদুল ওদুদের সময় ‘মুক্তবুদ্ধি’ ছিল একটি সাহসী অবস্থান। আজ মুক্তবুদ্ধির সবচেয়ে বড় বাধা কোথায়—রাষ্ট্রে, সমাজে, শিক্ষাব্যবস্থায়, নাকি ব্যক্তির নিজের ভেতরে?

জাকির তালুকদার: প্রশ্নের মধ্যে আপনি যে কারণগুলো উল্লেখ করেছেন, সেগুলো সবই মুক্তচিন্তার বাধা। বাধা শুধু নয়, রীতিমতো প্রতিপক্ষ।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজের ধর্ম নিয়ে বোঝাপড়ার জায়গাটা কেমন ছিল? তারা কীভাবে ধর্মের সংস্কার চেয়েছেন?

জাকির তালুকদার: প্রথমত, তারা নিজেদের মুসলমান পরিচয় অগ্রাহ্য করেননি। জন্মসূত্রে যে মুসলমানিত্ব তারা পেয়েছিলেন, সেটিকে লালন করেছেন। সেই সঙ্গে ধর্মের ইতিহাস, তাত্ত্বিক দিকগুলো, ধর্মে সংস্কার আনার জন্য যারা অতীতে কাজ করেছেন, যেমন মুতাজিলারা, তাদের সম্পর্কে জেনেছেন। খুব ভালোভাবে জেনেছেন। তারপর নিজেদের অর্জিত অন্যান্য জ্ঞান, যেমন যুক্তিবিদ্যা, বিজ্ঞান, বিজ্ঞানমনস্কতা, বহুপাক্ষিক ইতিহাস পাঠ ইত্যাদি দিয়ে নিজেদের ধর্মকে পরিমাপ করেছেন। নিজেদের ধর্মীয় গোষ্ঠীর ক্রম-অধঃপতনের পাশাপাশি এটাও জেনেছেন যে অন্য জাতিগুলো কীভাবে বিশ্বের শিখরে উঠেছে। খুঁজে বের করেছেন, বাঙালি মুসলমানের পিছিয়ে থাকার কারণ হিসেবে কতখানি ভূমিকা ধর্মের যান্ত্রিক অনুশীলনের, আর কতখানি ভূমিকা জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কারণের। তারপর তারা ধর্ম সংস্কারের পথে নেমেছেন।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজের উত্তরাধিকারী কারা? কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী, আবুল ফজল প্রমুখের পর এই ধারাবাহিকতা কেন ভেঙে গেল?

জাকির তালুকদার: অনেকগুলো কারণ আছে। আবুল হুসেন অপদস্থ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতায় চলে যান। তিনি অপমানিত হওয়ার কালে সহযোগীদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। হয়তো সেই অভিমানে তিনি তাদের সংস্পর্শ ত্যাগ করেছিলেন। সাহিত্যচর্চা ছেড়ে কংগ্রেসি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন।

কাজী আবদুল ওদুদ বা অন্য কেউ আবুল হুসেনের মতো সংগঠক ছিলেন না। তারা নিজ নিজ লেখায় আত্মনিয়োগ করলেন। একেবারে তরুণ যারা ছিলেন, যেমন আবদুল কাদির, তিনি প্রবন্ধ কমিয়ে মৌলিক কবিতা লেখায় বেশি মনোনিবেশ করলেন। কবি এবং ছান্দসিক হিসেবে প্রশংসিত হয়েছিলেন।

একই সময়ে সরদার ফজলুল করিম, সোমেন চন্দ, রণেশ সেনগুপ্ত, মুনীর চৌধুরী, সৈয়দ ওয়ালীউল্লাহরা সাহিত্য এবং সংগঠনের কাজ করছিলেন। কিন্তু তারা ধর্ম বা ধর্মসংস্কারের ব্যাপারে উৎসাহী ছিলেন না। বাংলাদেশের সাহিত্য এবং চিন্তা এদের হাতেই চলে গিয়েছিল। এরা প্রগতিশীল সাহিত্যচর্চা এবং প্রচারে নিমগ্ন ছিলেন।

মুসলমান লেখক-সম্পাদক-সংগঠকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি চিন্তায় ও মননে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর চিন্তকদের উত্তরাধিকারী হতে পারেন। প্রবল পাকিস্তানবাদী চিন্তায় আচ্ছন্ন হয়ে তারা অন্য সব ধরনের সংস্কারের কথা ভুলে গিয়েছিলেন। অথবা বলা যায়, সংস্কারের প্রয়োজন আছে বলে মনেই করেননি।

এইসব কারণে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর ধারাবাহিকতা থাকেনি।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজের চেতনার চর্চা কি একাডেমির ভেতর সীমাবদ্ধ হয়ে পড়েছে? জনপরিসরে এর চর্চা কীভাবে সম্ভব?

জাকির তালুকদার: সম্ভব, বাঙালি মুসলমানদের মধ্যে উচ্চশিক্ষিত একদল সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটলে। আপাতত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই সান্ত্বনা হিসেবে এটাই নিতে হবে যে অন্তত একাডেমিক পর্যায়ে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এবং ‘শিখা’র নাম এবং সংক্ষিপ্ত ইতিহাসটুকু টিকে আছে।

বাংলা ট্রিবিউন: মুসলিম সাহিত্য সমাজের চিন্তার সবচেয়ে বড় ‘অসম্পূর্ণতা’ বা সীমাবদ্ধতা কোন জায়গায় ছিল বলে আপনি মনে করেন?

জাকির তালুকদার: রাজনীতির গুরুত্ব বুঝতে না পারা ছিল সবচেয়ে বড় সীমাবদ্ধতা। শেরেবাংলার কৃষক-প্রজা পার্টি এবং মুসলিম লীগের প্রগতিশীল অংশের সঙ্গে একটি সহযোগিতামূলক বোঝাপড়া তৈরি করতে পারলে তারা কিছুটা বাড়তি সময় পেতেন। সেই সময়ের মধ্যে সাধারণ মানুষের ভাষায় ধর্মের সংস্কারের উপযোগিতা এবং উপকারী দিকগুলো বোঝাতে পারলে হয়তো আজ আমাদের এতটা পিছিয়ে থাকতে হতো না। আমি বলছি ‘হয়তো’। কারণ, নিশ্চিত নই।