‘বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা দানবীয় সরকারের মারমুখী আক্রমণের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে টিকে আছি। পরাজয়ের ভয়ে ভীত আওয়ামী লীগ, তাই ওরা উন্মাদের মতো হত্যা-লুণ্ঠন আর ধ্বংসের লীলায় মেতে উঠেছে।’ শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সভায় ‘মহাসচিবের প্রতিবেদন’ এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা উল্লেখ করেছেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে নগ্নভাবে নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে ফখরুল জানান, রাজনৈতিক বিবেচনায় প্রধানমন্ত্রীর ১৫টি মামলাসহ সরকারি দলের নেতাকর্মীদের ৭ হাজার ৬৩টি মামলা প্রত্যাহার হলেও খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতাকর্মীদের কোনও মামলা প্রত্যাহার হয়নি। বরং বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া, জাতীয় নেতাসহ সারাদেশে ১১ লাখ ৯১ লাখ ৪৪৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে ৫০ হাজার ৭৪টি মামলা দায়ের করেছে সরকার।
নির্বাহী কমিটির সভায় উত্থাপিত মহাসচিবের প্রতিবেদনে আরও বলা হয়, ‘আওয়ামী লীগ সরকার চিরাচরিত ভাবেই গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। ঐতিহ্যগতভাবেই তারা ভিন্নমত সহ্য করতে পারে না। সর্বশেষ ৫৭ ধারা বাতিল করে যে নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে তা আরও ভয়াবহ বলে সাংবাদিক সমাজ থেকে প্রতিবাদী আওয়াজ উঠেছে।’
এর আগে, শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এতে দলের ৭০০ নেতা উপস্থিত আছেন। এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য ৫০২ জন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও সব জেলার সভাপতিরাও অংশ নিচ্ছেন বৈঠকে।
আরও পড়ুন: বিএনপি’র নির্বাহী কমিটির সভা শুরু