বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আছেন। তিনি সোমবার সন্ধ্যায় সিলেট শহরে পৌঁছাবেন। সোমবার রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ছাড়তে পারেন খালেদা জিয়া।’
আজ সকাল সাতটা থেকেই গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে আসতে থাকে নেতাকর্মীদের গাড়ি। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের গাড়িও যাচ্ছে ওই গাড়ি বহরে। সকাল সাড়ে আটটায় গুলশান-২ থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা করে।
সিলেট বিএনপির সভাপতি আবদুল কাহের শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাতে দলের চেয়ারপারসন সিলেটের সার্কিট হাউজে থাকতে পারেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।’
সিলেট-বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নেত্রী এখন সবচয়ে জনপ্রিয়। তাকে এক নজর দেখতে সাধারণ জনগণও আসবে। চেয়ারপারসনের সিলেট আসা উপলক্ষে বিভাগের সবগুলো জেলা প্রস্তুত। ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানানো হবে। আমরা শান্তিপূর্ণভাবে তাকে গ্রহণ করবো।’
জানা গেছে, গুলশান, নয়াপল্টন, শ্যামপুর, যাত্রাবাড়ী, কাচপুর ব্রিজ, সোনারগাঁও, রুপগঞ্জ, পাঁচদোনা, নরসিংদী, বেলাব, ভৈরব, আশুগঞ্জ, বিশ্বরোড, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুর, মাদবপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শেরপুর, ওসমানী নগর হয়ে সিলেট পৌঁছাবে খালেদা জিয়ার গাড়ি বহর। স্থানে-স্থানে তাকে অভিনন্দন জানাতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। প্রত্যেক স্থানে বক্তব্য না দিলেও হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন তিনি। ধীর গতিতে চলবে তার গাড়িবহর।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে স্থানীয় সাংবাদিক কাওছার আহমদ বলেন, ‘সেখানকার বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তাকে অভিনন্দন জানাতে তোড়ন বানানোর প্রস্তুতিও চলছে।’
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘সিলেটের পথে যাত্রা করে মাঝপথে মধ্যাহ্ন বিরতি দেওয়া হবে। হোটেল উজানভাটি বা আশুগঞ্জ হাইওয়ের পাশে এক বিএনপির নেতার রেস্টুরেন্টে দুপুরের খাবারের বিরতি দেওয়া হতে পারে।’
জানা গেছে, সোমবার সন্ধ্যা নাগাদ সিলেট পৌঁছাবেন খালেদা জিয়া। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসনের সিলেট আগমন উপলক্ষে আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। স্থানীয় বিএনপিতেও পড়েছে সাজ-সাজ রব। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সফরে উজ্জীবিত সিলেট বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সফরসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানান, সকাল ৮টায় গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশে সড়ক পথে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সিলেট সার্কিট হাউজে এক ঘণ্টা বিশ্রাম শেষে বেলা ৩টায় মাজার জিয়ারত করবেন তিনি। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বিএনপি প্রধান।
আরও পড়ুন:
নির্বাচনি প্রচারে নয়, মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন খালেদা জিয়া: আমির খসরু
খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ