জানা গেছে, নরসিংদীর ভেলানগরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়ির সামনে দিয়ে গাড়ি বহর অতিক্রম করার পর নৌকার স্লোগান দিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে অজ্ঞাত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নরসিংদীতে গাড়ি বহরে হামলার কোনও ঘটনা ঘটেনি। তবে চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসা জনসাধারণের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভুলে বহরের একটি গাড়িতে ধাক্কা দেয়।’
খালেদা জিয়ার গাড়ি বহর থেকে সাংবাদিক মোজাম্মেল হক তুহিন জানান, নরসিংদী থেকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাখাওয়াত হোসেনসহ অনেককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি।’
এদিকে, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ভুলতা, তারাবো এবং নরসিংদীর কয়েক জায়গায় বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুপাশে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কক্সবাজারে যাওয়ার সময় রাস্তায় যত নেতাকর্মী দেখা গিয়েছিল সিলেট যাত্রাকালে নরসিংদী পর্যন্ত তেমনটা দেখা যায়নি।
প্রসঙ্গত, সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে সোমবার সকাল সোয়া ৯টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনও নির্বাচনি প্রচারণা নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন:
সিলেটের উদ্দেশে খালেদা জিয়ার যাত্রা শুরু
নির্বাচনি প্রচারে নয়, মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন খালেদা জিয়া: আমির খসরু
খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ