প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে: মির্জা ফখরুল





মির্জা ফখরুল ইসলাম আলমগীরজাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত চারদিন ধরে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছি। ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। এখন এগুলো চূড়ান্ত করার জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঐক্যমতে পৌঁছাবো বলে আশা করছি।’

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তার আগেই কিছু প্রার্থী চূড়ান্ত করবো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে বাকিটা চূড়ান্ত করবো। এরমধ্যেও না হলে পরেও আমরা চূড়ান্ত করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি নির্বাচনে থাকতে পারি, সরকার এবং নির্বাচন কমিশন যদি বড় রকমের বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত।’

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে এখনও কোনও বিশ্বাস পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই কথাগুলো আমরা বারবার বলেই যাচ্ছি। নির্বাচনের প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। কারণ, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। কিন্তু এখনও নির্বাচন কমিশন বা সরকারের কর্মকাণ্ডে এতটুকুও প্রতীয়মান হয়নি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তাদের উৎসাহ আছে।’
এখনও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মামলা ও হয়রানি চলছে। কিছুক্ষণ আগে আমি কোর্ট থেকে এলাম। আমাদের সিনিয়র নেতাদের পর্যন্ত আটকে রাখা হয়েছে। তারা এখনও জেলে আছেন। তারপরও আমরা নির্বাচনের কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করছি।’
‘নির্বাচন কমিশন বলছে বিএনপির দাবি অযৌক্তিক’, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনের বিষয়ে মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। আপনারা জানেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্টেটমেন্ট দিয়েছেন পুলিশের সামনে। বক্তব্য দিয়েছেন তাদের মিটিংয়ে। এটাই যথেষ্ট। দ্বিতীয়ত, প্রত্যেকটি দল ও জোট বলছে, নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন এমন কিছু করেনি যাতে বলতে পারি তারা নিরপেক্ষ নির্বাচন করতে চায়। আমরা যে গায়েবি মামলার তালিকা দিলাম, সে সম্পর্কে এখনও তারা কিছু করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘‘অন্যদিকে যেসব কর্মকর্তাকে বদলি বা সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তাদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কাউকে সরানো হবে না। গতকাল আরও মারাত্মক কথা বলেছেন, ‘পুলিশ আমাদের নিয়ন্ত্রণেই আছে। তারা আমাদের নির্দেশেই সব করছে।’ তাহলে যত গায়েবি মামলা, মিথ্যা মামলা ও যত হ্যারাসমেন্ট হচ্ছে, সবই তাদের নির্দেশে হচ্ছে। এটা হলে তো কোনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।’
আমরা খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, কিন্তু দেওয়া হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বরং পাল্টা একটার পর একটা মামলা দিচ্ছে। অন্যদিকে আমাদের নির্বাচন করার মতো যোগ্য ও সিনিয়র নেতাদের কারারুদ্ধ করে রাখা হয়েছে। এরপরও আমরা নির্বাচনি কাজ করার চেষ্টা করছি। মাঠে থাকার চেষ্টা করছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’