গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের শপথ গ্রহণকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। মঙ্গলবার (২ এপ্রিল) মোকাব্বির শপথগ্রহণের পর সুলতান মনসুর তার ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘স্বাধীনতার স্বপ্ন সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মোকাব্বির খান সাহেবের শপথগ্রহণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন। বঙ্গবন্ধু সরকার রচিত স্বাধীনতার সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। কাজেই বহুদলীয় গণতন্ত্রকে বেগবান করতে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, নির্বাচিত সব সংসদ সদস্য সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে শপথগ্রহণ করে সংসদে জনগণের পক্ষে ভূমিকা রাখবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার জনগণের।’
অন্যদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক বিএনপির ছয়জন প্রার্থী জয়ী হন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি ও ঐক্যফ্রন্ট তাদের বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। পরে গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে ৭ মার্চ শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর। সর্বশেষ মঙ্গলবার মোকাব্বির খান শপথ নিলেন। বিএনপির বিজয়ীরা শপথ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অটল রয়েছেন।
আরও পড়ুন:
শপথ নিলেন গণফোরামের মোকাব্বির