শপথ নেওয়ায় মোকাব্বিরকে গণফোরামের শোকজ, হতে পারেন বহিষ্কারও





a379862a4f002ab9e8877a9db3f20714-5ca308b7e19baএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দল ও ফ্রন্টের সিদ্ধান্ত না মেনে শপথ নেওয়ায় শোকজ করা হয়েছে গণফোরামের প্রেসিডিয়ামের সদস্য মোকাব্বির খানকে। গত ২০ এপ্রিল দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সই করা শোকজ পাঠানো হলেও বিষয়টি এতদিন প্রকাশ্যে আনা হয়নি।
গণফোরামের নেতারা জানিয়েছেন, শোকজের জবাব দেওয়ার সময় বাকি আছে তিন দিন। আগামী মঙ্গলবারের (৩০ এপ্রিল) মধ্যে জবাব না দিলে মোকাব্বির স্বয়ংক্রিয়ভাবে দল থেকে বহিষ্কার হবেন।
তবে মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শোকজের কোনও চিঠি পাইনি। পেলে জবাব দেবো। না পেলে দেবো কী করে?’

সিলেট-২ আসন থেকে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত মোকাব্বির খান গত ২ এপ্রিল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন।
গণফোরামের নেতারা বলছেন, মোকাব্বির খান শোকজ এড়িয়ে বারবার ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। শুক্রবার (২৬ এপ্রিল) গণফোরামের বিশেষ কাউন্সিলেও মঞ্চে বসেন তিনি।
শনিবার (২৭ এপ্রিল) রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোকাব্বির খানকে শোকজের নোটিশ দিয়েছে দল। তার জবাবে অপেক্ষায় আছি। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।’
দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সু্ব্রত চৌধুরী বলেন, ‘মোকাব্বির খানকে শোকজ করা হয়েছে। তার সংসদের ঠিকানা, স্থায়ী ঠিকানায় চিঠি দেওয়া হয়েছে। তিনি চিঠি এড়িয়ে যাচ্ছেন। তবে জবাব না দিলে অটোম্যাটেক্যালি বহিষ্কারাদেশ হয়ে যাবে।’
গত শুক্রবার বিশেষ কাউন্সিলে মোকাব্বির খান মঞ্চে আসন নেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দল থেকে পদত্যাগ করার হুমকি দেন কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম পথিক। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির সূত্রগুলো শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে জানায়, শুক্রবার মোকাব্বির খান মঞ্চে উপস্থিত হলেও তাকে বক্তব্য দিতে বলা হয়নি। এমনকি কামাল হোসেনের সঙ্গে তার সাক্ষাৎও হয়নি।
গণফোরামের একজন দায়িত্বশীল নেতা জানান, শনিবারও মোকাব্বির খান কামাল হোসেনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘মোকাব্বির খান দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাকে তার ব্যাখ্যা দিতে হবে। না হলে তিনি বহিষ্কার হবেন।’

আরও পড়ুন...
শপথ নিলেন গণফোরামের মোকাব্বির