জিয়ার কবর নিয়ে খেলবেন না : নজরুল

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান

সংসদ ভবনের পাশে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারকে না খেলতে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এমন হুঁশিয়ারি দেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদ ভবনের নকশায় জিয়াউর রহমানের কবর নেই জানিয়ে তা সেখান থেকে সরিয়ে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন। এই প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের কবর নিয়ে খেলবেন না। দেশের মানুষ তাকে কী পরিমাণ ভালোবাসে তার মৃত্যুর পরে জানাজায় দেখেন নাই। কবর সরানোর চেষ্টা হলে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, মোজাম্মেল সাহেবদের কাছে পাকিস্তানের করা নকশা এতো পছন্দ হয়ে গেছে কেন? পাকিস্তানের করা ডিজাইন বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে? আপনাদের তো পাকিস্তানকে এতো ভালোবাসার কথা নয়?

সুইস ব্যাংকে অর্থপাচার বিষয়ে তিনি বলেন, আপনারা যে বাজেট দিয়েছেন তা শ্রমিকবান্ধব নয়, কৃষকবান্ধব নয় এবং ব্যবসাবান্ধবও নয়। এই বাজেট ব্যবসায়ীবান্ধব। এতে যারা ব্যবসা করে তাদের মুনাফা বৃদ্ধি পাবে। বাকিদের কোনও কাজে আসবে না। কারণ, এই বাজেটের অর্থ বিদেশে পাচার হয়ে যায়। বিএনপির সুইস ব্যাংকে রাখার অর্থ নেই। সব কিছু লুটপাট করার জন্যই ব্যবসায়ীবান্ধব বাজেট দিয়েছেন আপনারা, যাতে শ্রমিকের কোনও কল্যাণ নেই, কৃষকদের কল্যাণ নেই।

নজরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, গত নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে। সেই টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে কিনা তা তিনি দেখবেন। প্রধানমন্ত্রী আপনি সাধারণ জিনিস ভুলে যান। আপনি বলবেন, আর মানুষ সেটা বিশ্বাস করবে? কিন্তু এই অর্থ বছরে কত টাকা পাচার হয়েছে সেই রিপোর্ট তো এখনও প্রকাশ করা হয়নি? আর যে টাকা পাচারের রিপোর্ট প্রকাশ হয়েছে সেটা কোন মনোনয়ন বানিজ্যের টাকা? সেই রিপোর্ট আপনারা প্রকাশ করছেন না কেন?’

শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।