সাধারণ মানুষ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার: নজরুল

মহিলা দলের মানববন্ধন

সাধারণ মানুষ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যারা গ্যাস দিয়ে কারখানা চালায় তাদের ৪৪ শতাংশ খরচ বেড়ে গেছে। তারা ব্যবসা করতে পারবেন না। আর যদি গ্যাস কিনে ব্যবসা করতে হয়, তাহলে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। সেটার প্রভাবও আমাদের ওপরে এসে পড়বে। অর্থাৎ, আমরা যারা সাধারণ মানুষ তারা প্রত্যক্ষ ও প্ররোক্ষভাবে এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হয়ে গেছি।’

শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও  বলেন, ‘সাধারণ মানুষ এই সরকারের বিবেচনায় নাই। কারণ, সাধারণ মানুষের ভোট তো এই সরকারের প্রয়োজন হয় না। ৩০ ডিসেম্বরের ভোট যদি ২৯ তারিখ রাতেই হয়ে যায়, তাহলে মানুষকে খুশি করার কী দরকার। তাদের খুশি করা দরকার— যাদের দিয়ে ভোট কাটানো যায়, যাদের দিয়ে ভোটকেন্দ্র দখল করানো যায়, যাদের দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়। তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। যারা ফুটপাতে ঘুমায়, যারা ছোট ব্যবসা করে, ছোট চাকরি করে, যারা সাধারণ মানুষ, তাদের জন্য বাজেটে বরাদ্দ নেই।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের এ অবস্থার পরিবর্তন চায় মানুষ। সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আজ  আমাদের খালেদা জিয়াকে দরকার। আর এজন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই  নেত্রীকে মুক্ত করতে হবে।’

মানববন্ধনের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।