বিএনপির অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার শ্যামলীর বাসায় যান ফখরুল। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। কিছু সময় তার বাসায় অবস্থান করেন। এসময় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত কয়েকদিনে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বাসায় গিয়ে রিজভীর খোঁজ খবর নিয়েছেন।
প্রায় দুই মাস পর হাসপাতালে থাকার পর গত ৯মে রিলিজ পান রিজভী। গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। ১৭ মার্চ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।