বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতারা।

শুক্রবার (৯ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মো. মাহবুবুর রহমান, আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘বিএনপি-জামায়াতের সকল যড়যন্ত্র মোকাবিলায় অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। আগামীতেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে ঢাকা জেলার প্রতিটি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দেবো আমরা। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী সে প্রার্থীর পক্ষে কাজ করবে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘ঢাকা জেলা আওয়ামী লীগ আগে থেকেই শক্তিশালী, আরও শক্তিশালী করার চেষ্টা করছি আমরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখবে এই কমিটি।’

গত বছর ২৯ অক্টোবর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে কমিটির সভাপতি করা হয় বেনজীর আহমদকে, সাধারণ সম্পাদক হন পনিরুজ্জামান তরুণ। সম্মেলনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয় সম্প্রতি।