গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ৭ জানুয়ারির ষড়যন্ত্রের নির্বাচনের ফাঁদে জনগণ পা দেবে না। দেশের ১৮ কোটি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে পুরানা পল্টন মোড় ও আশপাশের এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, গণতন্ত্র ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই চেতনাকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই তামাশার নির্বাচন গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বর্জন করেছে।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, পার্টির মহাসচিব মো. আবদুল কাদের। সঞ্চালনা করেন গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।