অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার কোনও অবকাশ নেই: সাইফুল হক

যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার জন্য একটি ‘রোডম্যাপ’ প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার (২৩ আগস্ট) বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এ আহ্বান জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কাজ সম্পর্কে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। এই সরকারের ব্যর্থ হওয়ারও কোনও অবকাশ নেই। তাদেরকে বিতর্কিত করার প্রয়াসও বন্ধ করা দরকার।’

তিনি বলেন, ‘ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী জরুরি কাজগুলো যেমন এগিয়ে নিতে হবে, তেমনি একটি যৌক্তিক সময়ের মধ্যে তাদেরকে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশও নিশ্চিত করতে হবে।’ তিনি বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজের একটি রোড়ম্যাপ প্রকাশ করারও আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘অভূতপূর্ব ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্যে  দিয়ে বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। কোনও হঠকারিতা বা রোমান্টিকতা দিয়ে সে সম্ভাবনা নষ্ট করা যাবে না।’

তিনি বলেন, ‘দেশের এই গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে আমাদের অকুতোভয় তরুণ-যুবারা উদ্যোগী ভূমিকা পালন করবে।’

প্রতিনিধি সভার বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক বলেন,  ‘রংপুরে আত্মদানের মধ্য দিয়ে আবু সাঈদ ভয়কে পরাজিত করেছে এবং ছাত্র তরুণরা দেশবাসীর মধ্যে হার না মানা অসীম সাহসের জন্ম দিয়েছে। মানুষের অধিকার আর মুক্তির জন্য হাসতে হাসতে যারা জীবন দিতে চায় তাদেরকে হারানো যায় না।’

তিনি এই আন্দোলনে হাজারো শহীদের রক্তভেজা পথে একটা বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের সারথি হতে বিপ্লবী যুব সংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় বিপ্লবী যুব সংহতির উদ্যোগে বন্যাপীড়িত মানুষদের রক্ষায় যুব উদ্যোগ আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে ছাত্রজনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম এর সঞ্চালনায় এই প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী প্রমুখ।