জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজার অনুমতি পায়নি বিএনপি৷ আগামী শুক্রবার (১৯ মার্চ) সকালে সেখানে জানাজা অনুষ্ঠানের কথা ছিল। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বুধবার রাত আটটার দিকে শায়রুল কবির খান বলেন, আমরা মওদুদ আহমদের প্রথম জানাজার জন্য স্পিকারের কাছে আবেদন করেছিলাম। সেখান থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মওদুদ আহমদ৷
মওদুদ আহমদের মরদেহ আগামীকাল ১৮ মার্চ বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে ৫টা ৪৫ মিনিটে। এরপর ইউনাইটেড হাসপাতালে হিমঘরে রাখা হবে মরদেহ।
শায়রুল জানান, এখন শুক্রবার সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সকাল ১১ টায় আরেকটি জানাজা হবে। এরপর নোয়াখালীতে নেওয়া হবে তার মরদেহ। সম্ভব হলে নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে বাবা-মা'র কবরের পাশে দাফন করা হবে।