২৭ জুলাই ‘সংঘাতের শঙ্কা’ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

২৭ জুলাইয়ের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও সংঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনও উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি (সংঘাত বা সহিংসতা) করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার।’

সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।’

আওয়ামী লীগের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

বিএনপির ১০ ডিসেম্বরের আল্টিমেটাম গোলাপবাগের মাঠে শেষ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে বিএনপির লাঠিসোঁটা কিংবা পিকনিক পার্টি আগেও হয়েছে। তাদের আন্দোলনের স্বপ্ন আবারও গোলাপবাগের মাঠে শেষ হবে।’

ছাত্ররাজনীতি নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ছাত্ররাজনীতির সৌন্দর্য, গ্ল্যামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে।’

আলোচনার সূত্র ধরে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয় নীরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নীরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।’

উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।