ডিসেম্বর ঘিরে কী করছে এনসিপি?

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঘিরে নড়েচড়ে বসেছে প্রশাসন। তাদের সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়ে রেখেছে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে নিজেদের অবস্থানে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দুই দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

অথচ বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন। হঠাৎ রাজপথে দলটির জোরালো ভূমিকা না থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আসলে তারা এ মুহূর্তে নিশ্চুপ কেন? ডিসেম্বর ঘিরে কী করছে তারা? দলটির ভিন্ন কোনও পরিকল্পনা আছে কি না?

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম সদস্য সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, তারা সব সময়ই ফ্যাসিবাদের বিপক্ষে সোচ্চার। তাই নিজেদের মতো করেই কর্মসূচি পালন করছেন তারা। তবে যেকোনও অপশক্তিকে মোকাবিলা করা সরকারের দায়িত্ব। তিনি মনে করেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ এতটা আস্ফালন দেখাচ্ছে। কারণ তারা ফ্যাসিস্টের বিপক্ষে পদক্ষেপ না নিয়ে বিরোধী দলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিশেষ করে বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদল। তাই এখন সরকার পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে, সেটি তাদের ব্যাপার।

আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্স, নেই আনুষ্ঠানিক ঘোষণা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ঘিরে রাজপথে আনুষ্ঠানিক কোনও কর্মসূচি না থাকায় প্রশ্ন ওঠেছে সামনে কি করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)? তারা কি সরকারের সঙ্গে অভিমান করেই এ বিষয়ে নিশ্চুপ? দেশের সার্বিক পরিস্থিতিতে তারা কোনও দায় নিতে চায় না? এমন নানা প্রশ্ন সামনে আসছে।

যদিও দলটির কোনও কোনও নেতার দাবি, ফ্যসিবাদের বিপক্ষে তারা সব সময়ই রাজপথে আছেন। নিজেদের কর্মসূচি স্বাভাবিকভাবেই পালন করছেন।

জানতে চাইলে দলটির যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আওয়ামী লীগ প্রশ্নে এনসিপি শুরু থেকেই জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা সব সময়ই রাজপথে আছি। বরং যারা দেশের কঠিন মুহূর্তে রাজপথে থাকেনি, মূলত এনসিপির বিরুদ্ধে তারাই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’’

তিনি বলেন, ‘‘সংসদের ভেতরে-বাইরে এনসিপি সঠিকভাবেই দায়িত্ব পালন করে আসছে। সামনে আওয়ামী লীগের যেকোনও নাশকতা প্রতিরোধ করা হবে।’’

পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত?

ডিসেম্বরে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।এমনটি মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন নেতা। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মাঠে থাকুক আর না থাকুক, সেটা তাদের বিষয়। আর প্রধান বিরোধী দল জামায়াত কী করবে, সেটাও তাদের নিজস্ব স্বাধীনতা।

এ নিয়ে এনসিপির কোনও কিছু বলার নেই। বরং নিজেদের দলকে আরও গণমুখী করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই নাশকতা দমনে এনসিপি এখনও কোনও কর্মসূচি নিচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ডিসেম্বর ঘিরে আমাদের একাধিক নিয়মিত কর্মসূচি আছে। কোনও বিশেষ গোষ্ঠীকে ঠেকানোর বিষয়ে আপাতত কোনও কর্মসূচি নেই।’’

এক্ষেত্রে ক্ষমতাসীন দলের সঙ্গে আওয়ামী লীগ-বিরোধী কোনও কর্মসূচিতে এনসিপি অংশগ্রহণ করবে কি না—  প্রশ্নে তুষার বলেন, ‘‘সরকার শুরু থেকেই একলা চলো নীতি অনুসরণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে বরং এনসিপিসহ অন্যান্য বিরোধী দলকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত। বিশেষ করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছে না। সংবিধান সংস্কারের পরিবর্তে একতরফাভাবে সংশোধনের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করছে।’’

তুষার বলেন, ‘‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। রেহাই পাচ্ছেন না জুলাইযোদ্ধারাও। এসব বিষয়ে সরকারের বিরুদ্ধে আমাদের তো ক্ষোভ আছেই। তাই সামনের পরিস্থিতি সামলাতে সরকার প্রশাসনিক বা রাজনৈতিক— যেই কর্মসূচিই পালন করুক, সেখানে এনসিপির কিছু করার নেই। কারণ সরকার বিপদে পরলেই বিরোধীদলকে পাশে পেতে চায়।’’

তিনি আরও বলেন, ‘‘তারপরও সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে কোনও আহ্বান জানায়, তাহলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গায়ে পড়ে তারা সরকারের সঙ্গে কোনও কর্মসূচি পালন করবে না। প্রয়োজনে একক কর্মসূচি নিয়েই সক্রিয় থাকবে।’’