সরকার কারসাজি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের পর ক্ষুদ্ধ সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করতে সমস্ত কাজ করছে। প্রধান বিচারপতির ছুটি সম্পর্কে গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে দেশের মানুষ বুঝতে পেরেছে কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছে সরকার। তার (এস কে সিনহা) অপরাধ একটা তিনি সত্য কথা বলেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়ের কিছুদিন পর প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দায়িত্বে বসতে পারলেন না। তাকে আবারও ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক বিপদ আসবে, অনেক ত্যাগ করতে হবে। অসংখ্য মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক ভাইকে তুলে নিয়ে গেছে, আমরা ভুলে যাব না।’ ভবিষ্যতে বিজয় অর্জন করতে সবাইকে এক সঙ্গে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা ফুটবল খেলার মত খালি মাঠে ডিব্লিং করে গোল দিতে চায়।’
আয়োজক সংগঠনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।