আ.লীগ আত্মরক্ষার্থে খালেদার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

আমির খসরু মাহমুদ চৌধুরী, ফাইল ছবিআওয়ামী লীগ আত্মরক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা হরণ ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অপ্রচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্বদেশ জাগরণ পরিষদ।

আমির খসরু বলেন, ‘আওয়ামী  লীগের দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তা থেকে নিজেদের রক্ষা করতে উল্টো তারা এখন মানুষকে আক্রমণ করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়া দুর্নীতি করেন নাই- এটা বিএনপিকে প্রমাণ করতে। তাদের (আওয়ামী লীগ) দায়িত্ব হচ্ছে খালেদা জিয়া দুর্নীতি করছে এটা প্রমাণ করা। কারণ তারা বলছেন খালেদা জিয়া দুর্নীতি করেছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি করেছেন এমন কোনও প্রমাণ আওয়ামী লীগের হাতে নেই। বিএনপির হাতেও নেই। কারণ সৌদিতে খালেদা জিয়ার যেসব সম্পদের কথা বলছে আওয়ামী লীগ, সেই রকম কিছু নেই।’

মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘আবার আওয়ামী লীগের কারখানা থেকে খালেদা জিয়ার নামে দুর্নীতির কাহিনি প্রচার করে আওয়ামী লীগ নিজেদের অবৈধ ক্ষমতা ও দুর্নীতি থেকে আত্মরক্ষার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে বিরত রাখার কৌশল হাতে নিয়েছে। আমি তাদেরকে অনুরোধ করবো এই পিচ্ছিল পথ চলবেন না। এই পথে একবার চলে ‘৭৫ সালে উচ্চ মূল্য দিতে হয়েছে আপনাদের। যদি খালেদা জিয়াকে নির্বাচন থেকে বিরত রাখার এই পিচ্ছিল পথে চলেন তাহলে আগামীতে আরও বেশি উচ্চমূল্যে বিদায় নিতে হবে আপনাদের।’

আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জমান সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল কবির খান, সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ প্রমুখ।