বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চায় সরকার। তাই তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দেওয়া হচ্ছে।’ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে পুরোপুরি সংকুচিত করে ফেলেছে। গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়ে যে দেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্রের কবর রচিত হয়েছে। তাই তাদের মুখ দিয়ে এ ধরনের কথা বের হবে, এটাই তো স্বাভাবিক।’
এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ‘সরকার এ পর্যন্ত বিচার বিভাগে কোনও হস্তক্ষেপ করেনি।’
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।