সারাদেশে চলছে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশবিএনপি আজ সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে আজ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করছে।

বরিশালে পুলিশের ব্যারিকেডের মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও নগর বিএনপি। অশ্বিনী  কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা (দক্ষিণ ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন।

বরিশালে বিএনপির সমাবেশ

সমাবেশে এবায়দুল হক চাঁন বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত  হয়ে সরকার এই মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে। দেশে এখন বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নেই।

এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, জেলা (দক্ষিণ ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্যরা। 

বরিশালে পুলিশের ব্যারিকেডের মধ্যে বিএনপি সমাবেশ করে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের চিনিশপুরস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দিকে যেতে চাইলে জেলখানা মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।