বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের পরিস্থিতির কারণেই ফোনে কথা বলে এই তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘ম্যাডাম এখন কোয়ারেন্টিনেই আছেন। যেহেতু গোটা জাতি শাটডাউনে আছে, চলাচল এবং সব কিছুই বন্ধ। তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসাধীন আছেন এবং এভাবে কোয়ারেন্টিনে থেকে তিনি রমজানে রোজা পালন করবেন।’
রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া দুই পুত্রবধূ ও নাতনীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন, কোরআন তিলাওয়াত, তজবিহ পাঠসহ বই পড়ে সময় কাটাচ্ছেন।
গত ২৫ মার্চ ছয় মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ওঠেন অসুস্থ খালেদা জিয়া। বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন। ওই ১৪ দিন শেষ হওয়ার পর এখনও তিনি কোয়ারেন্টিনে আছেন।