বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হওয়ার পরদিন ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতেই আছেন। সব মিলিয়ে ৪১ দিন ধরে স্কয়ারে চিকিৎসা নিচ্ছেন বিএনপির এই নেতা।
রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তার অক্সিজেন স্যাচুরেশনও এখন ভালো। তাকে নরমালি যে অক্সিজেন দেওয়া হতো তা এখন কম দিতে হয়। তার ব্লাড প্রেশার ও ডায়াবেটিসও এখন নিয়ন্ত্রণে রয়েছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি স্বাভাবিক খাবারও খেতে পারছেন। প্রতিদিন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং ব্যায়াম করানো হচ্ছে। তবে তার মুখে সামান্য ঘা রয়েছে ফলে খাবার খেতে একটু কষ্ট হয়।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরস অন্যান্য নেতারা অসুস্থ রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন। একইসঙ্গে রিজভীও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যথাসাধ্য দলের খোঁজ রাখছেন বলে জানান রফিকুল ইসলাম।
রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।