বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের মা চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
সোমবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি এ টিকা নেন। মঙ্গলবার (৬ জুলাই) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানায়।
ড্যাবের একটি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিএসএমএমইউতে যান সৈয়দা ইকবাল মান্দ বানু। পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে মেয়ে সৈয়দা শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী ও সাবেক কূটনীতিক শাফিউজ্জামান ছিলেন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্, ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ প্রমুখ।
প্রসঙ্গত, চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের সহধর্মিণী।