রাজধানীতে দলের কর্মীসভাগুলোতে যেন বাধা দেওয়া না হয়, পুলিশকে এমন অনুরোধ জানিয়েছে বিএনপি। দলটির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম এ অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমাদের কর্মীসভাগুলো করতে পুলিশ যেন বাধা না দেয়, সে ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানাতে চাই। আমরা এ বিষয়টি নিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি।’
মঙ্গলবার (৫ অক্টোবর) নয়া পল্টনে কমিউনিটি সেন্টারে মহানগর দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আবদুস সালাম এসব কথা বলেন।
সভায় রাজধানীতে ডেঙ্গু মশক নিধনে বছরব্যাপী পরিকল্পনা, করোনা চিকিৎসায় ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ স্থাপন, মহানগরীর হোল্ডিং ট্যাক্স মওকুফ, মাদক, শিশু নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া, যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত খেলার মাঠ উন্মুক্তসহ নতুন মাঠের ব্যবস্থা নেওয়া, জলাবন্ধতার নিরসন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং কারাবন্দিদের মুক্তিসহ ২৩ দফা তুলে ধরেন আবদুস সালাম।
মতবিনিময়ে সালাম জানান, কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড কমিটি করবে মহানগর দক্ষিণ বিএনপি। তিনি বলেন, ‘ গত ২ আগস্ট এই আহ্বায়ক কমিটি হয়েছে। দক্ষিণে ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ড রয়েছে। নতুনভাবে সংগঠন গড়ে তুলতে ৮টি ভাগে নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পর্যন্ত প্রায় ২৫ হাজারের কাছাকাছি আমাদের তথ্য ফরম নেতাকর্মীদের কাছে বিতরণ করেছি এবং আগামীকাল-পরশুর মধ্যে এসব তথ্য ফরম আমাদের কাছে চলে আসবে। এরপর আমরা প্রত্যেক থানা ও ওয়ার্ডে কর্মী সভা করবো।’
সালাম বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। গণতান্ত্রিকভাবে আমরা সংগঠন গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কাউন্সিল করবো, কাউন্সিলের মাধ্যমে সংগঠন হবে। আমাদের সংগঠন হবে গণতান্ত্রিকভাবে। এই কাউন্সিলের জন্য আমরা কর্মীসভা করবো সব ওয়ার্ডে।’
এই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় যাতে কর্মীসভা করা যায়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন আবদুস সালাম।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা কোথাও কোনও সভা করতে পারি না। কেবলমাত্র কেন্দ্রীয় অফিস ও মহানগর এবং এই অঞ্চলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের বাসার অফিস ছাড়া আর কোথাও আমরা বসতে পারি না।’
আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে উপস্থিত ছিলেন— ইশরাক হোসেন, যুগ্ম আহ্বায়ক নবী উল্ল্যাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুন উর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এসকে সেকেন্দার কাদির ও মনির হোসেন চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতারাও এই মতবিনিময় সভায় ছিলেন।