বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জনগণের নেত্রী খালেদা জিয়াকে হাজার বাধার মুখেও আটকে রাখা যাবে না জেনেই তার জীবনকে নিঃশেষ করে দেওয়ার যাবতীয় আয়োজন চালিয়ে যাচ্ছে ভোটারবিহীন সরকার।’ ‘এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য জোরালো’ আহবান জানান রিজভী।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘৯ বছরের নির্ভীক দুঃসাহসী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্ত করেন এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে বারবার অসীম দৃঢ়তা নিয়ে দাঁড়ানোর জন্যই বর্তমান নিশিরাতের সরকার বেগম জিয়াকে বন্দী করে রেখেছে।’
তার অভিযোগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, অথচ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে প্রতি বছর।