বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশ এখন রসাতলের শেষ প্রান্তে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত যারা আছেন, যারা কাউকে কিছু বলতে পারেন না, তারা খুবই কষ্টে আছেন।’
শুক্রবার (১৮ মার্চ) জাতীয় স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানার ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘মানুষ ছাড়া সবকিছুরই দাম বেড়েছে। যে দেশের টাকা বিদেশে পাচার হয়—সে দেশে অভাব পড়বে না কেন? সেই দেশে জিনিসপত্রের দাম বাড়বে না কেন? সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুটি জিনিসের দাম কমেছে—একটি হচ্ছে মানুষ, আরেকটি নারী-শিশুদের ইজ্জত।'
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা অনেকেই বক্তব্যে বলেছেন 'অনতিবিলম্বে বেগম জিয়ার মুক্তি চাই'—এই অনতিবিলম্বের মানে কি? ইতোমধ্যে ৫ বছর পার হয়ে গেছে। আর কত বছর পার হলে এই অনতিবিলম্বের মেয়াদ শেষ হবে?
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম জিলানী প্রমুখ।