‘জনসাধারণের জন্য আজকে বাস আছে বলে মনে হয় না’, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ও তার আশপাশে পরিবহনের যত বাস আছে, সবকিছু্ই দখলে নিয়ে সমাবেশে যাচ্ছে। এমনকি সরকারি বিআরটিসি বাস দখল করে লোকজন নিয়ে সমাবেশে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে জোর করে জবরদখল করে রেখেছে। সরকারি বাস পর্যন্ত দখল করে সমাবেশে যাচ্ছে, আর আমাদের সমাবেশের সময় সব গাড়ি বন্ধ করে দেয়।’
শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সমাবেশে লোকজন যেন না আসে, তাই গাড়ি বন্ধ করে দিয়েছিল। কিন্তু ঠেকাতে পারেনি। কারণ, বিএনপি জনগণের দল, মানুষ বিএনপিকে ভালোবাসে। আপনারা দেখেছেন, আমাদের সমাবেশে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত উপস্থিত হয়েছেন। এমনকি পুরো পরিবারসহ পায়ে হেঁটে সমাবেশের দুদিন আগে উপস্থিত হয়েছে। কারণ, মানুষ ভোটচোর আওয়ামী লীগকে চায় না, জনগণ বিএনপিকে চায়।’
আমির খসরু বলেন, ‘আপনারা সবাই প্রস্তুত থাকেন, এই জালিম সরকারকে আন্দোলনের মাধ্যমে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে, দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের নেতা তারেক জিয়া জনগণের কাছে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন। আমরা নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচন ছাড়া নির্বাচনে যাবো না। মানুষ এখন এই সরকারের অত্যাচার নির্যাতনের ফলে রাজপথে নেমে এসেছেন, এই সরকার পালাবার পথ খুঁজে পাবে না।’
সরকারের দুর্নীতির জন্য বাংলাদেশে আজ ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ ব্যাংকে টাকা নেই, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেশকে দেউলিয়া করে ফেলেছে। মানুষ দুমুঠো খাবার পাচ্ছে না, মানুষের মধ্যেও উৎকণ্ঠা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।